নিউজ ডেস্ক:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার করতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংসদীয় আসন বরিশাল–৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট থানা) এবং টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) এলাকায় দায়িত্ব প্রদান করা হয়েছে যুবদল নেতা দেওয়ান অলিউদ্দিন সুমনকে।
এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন–এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেওয়ান অলিউদ্দিন সুমন।
এক প্রতিক্রিয়ায় দেওয়ান অলিউদ্দিন সুমন বলেন,
“দল ও দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত সম্মানের। ইনশাআল্লাহ, বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্যে যুবদল সবসময় অগ্রভাগে থাকবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে যুবদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করবেন।
দলীয় সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে আগামী দিনগুলোতে গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণসহ নানামুখী প্রচারণা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে যুবদলের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধানের শীষের পক্ষে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই দায়িত্ব প্রদান করা হলো।